২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গাঁটছড়া বাঁধছেন আয়মান- মুনজেরিন
গুঞ্জন সত্যি করে গাঁটছড়া বাঁধছেন দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষক আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। ঢাকার একটি ভেন্যুতে পারিবারিক আয়োজনে চলতি মাসের শেষ সপ্তাহে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে টেন মিনিট স্কুল খ্যাত এই দুই তারকা শিক্ষকের বিয়ের কার্ড।
কার্ডের সূত্রমতে, ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিয়ে–পরবর্তী অনুষ্ঠানের কথা উল্লেখ আছে।
বিয়ের বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলছেন আয়মান ও মুনজেরিন। বিষয়টি নিয়ে তারা কথা বলতে চাইছেন না। তবে এই দুজনের ঘনিষ্ঠ একজনকে বিষয়টির সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, ‘আমি অফিশিয়ালি কিছু বলতে পারব না। তবে হ্যাঁ, বিয়ে হয়তো হতে যাচ্ছে শিগগিরই।’
জনপ্রিয় এ দুই তরুণের প্রেমের সম্পর্ক রয়েছে- এমন গুঞ্জন চলছিল কয়েক বছর ধরেই। টেলিভিশনের কয়েকটি টক শোতেও তাঁরা একসঙ্গে দেখা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের বিয়ের দাওয়াতেও এই দুজন একসঙ্গে অংশ নিয়েছেন।
২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র আয়মান সাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ।







